কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৩:০৩ পিএম
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকার
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। নিহত সবাই একই পরিবারের সদস্য।
উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। তখন বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের পেছনে থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় লরিটি।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, এই দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



