মায়ানমারে ৬ লক্ষ ২৫ হাজার টাকার আলুসহ পাচারকারী আটক
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম
একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ থেকে মিয়ানমারের ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিয়ে আরাকান আর্মির হাতে জিন্মি নাটক সাজাচ্ছে এবং এরা গোপনে মাদক নিয়ে ফেরত আসছে বলে দাবি করেছে কোস্টগার্ড।
পাচারকালে ৫০০ বস্তা আলু ও ১ টি ফিশিং বোট সহ ১১ জন পাচারকারীকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে কোস্ট গার্ড।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২ টায় কোস্টগার্ড কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় টি বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি বোট তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।’
পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘তারা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে। এ সময় তারা আরকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে মর্মে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে। পরবর্তীতে তারা অতি গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারীদের হাতে মাদক পৌছে দেয়। তাদের ন্যায় আরো কয়েকটি অসাধু চক্র এরূপ অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে মর্মে জানা যায়।’
জব্দকৃত আলু, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



