ছবি : সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম হাওলাদার (৬০) নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে সৈকতের মীরা বাড়ির সংলগ্ন বঙ্গোপসাগরে লাশটি দেখতে পান স্থানীয়রা। তারা দ্রুত কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে সংবাদ দেন, পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার জানান, সকালে সৈকতে হাঁটার সময় তিনি মরদেহটি পড়ে থাকতে দেখেন। শরীরের কিছু অংশ গলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে।
নিহত নজরুল ইসলাম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ছিলেন। কয়েকদিন আগে মাছ ধরতে সাগরে গিয়ে ট্রলারসহ প্রবল ঝড়ের কবলে পড়েন। এতে ট্রলারে থাকা ১৫ জেলের মধ্যে ৬ জন নিখোঁজ হন।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, নিহত নজরুলের পরনে কালো রঙের একটি রেইনকোট ছিল এবং তার ছেলে নাসির হাওলাদার পরিচয় নিশ্চিত করেছেন। মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।



