ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় টানা বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা, যা নগরবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর থেকে থেমে থেমে হওয়া এই ভারি বর্ষণে নগরীর বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে গেছে।
রেয়াজুদ্দিন বাজার, প্রবর্তক মোড়, কাপাসগোলা, চান্দগাঁও, বাদুরতলা, জিইসি মোড়, আতুরার ডিপোসহ প্রায় দুই ডজন এলাকায় পানি জমে পথচলতে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসযাত্রী, শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীদের।
এক অভিভাবক আহমদ কামরান জানান, “মেয়েকে নিয়ে সিএনজিতে উঠতেই চালক দ্বিগুণ ভাড়া চাইলেন, দিতে বাধ্য হয়েছি।” পরীক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ছাতা নিয়েও বের হয়েছিলাম, কিন্তু গাড়ি থেকে নামতেই পুরোপুরি ভিজে গেলাম। এই ভেজা কাপড়েই পরীক্ষা দিতে হচ্ছে।”
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, আর আমবাগান আবহাওয়া কেন্দ্রে একই সময়ে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড হয়েছে ৬৪ মিলিমিটার।
আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এই বৃষ্টিপাতের ধারা আরও এক-দুদিন অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, “খাল-নালা পরিষ্কার থাকলেও স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু এলাকায় পানি উঠে গেছে।”



