বিয়ে হলো প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া রুজিনার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেওয়া রুজিনা বেগম (২০) শেষমেশ বিয়ের পিঁড়িতে বসেছেন।
রুজিনা বেগম দুই দিন ধরে প্রেমিক আবুল কালামের বাড়িতে অনশন করে অবস্থান করেন। প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ করে দ্রুত বিয়ের দাবিতে তিনি অনড় থাকেন। শেষ পর্যন্ত সামাজিক সমাধানের মাধ্যমে মঙ্গলবার বিকেলে তাদের বিয়ে সম্পন্ন হয়।
উপজেলার চর মার্টিন ইউনিয়নের শান্তিরহাট এলাকার পিয়াজের গাড়িগো বাড়িতে এ ঘটনা ঘটে। প্রেমিক আবুল কালাম ওই বাড়ির কবিরের ছেলে।
বুধবার (১৬ জুলাই) সকালে রুজিনা নিজেই গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়ভাবে আয়োজিত এই বিয়েতে দুই পক্ষের কিছু আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
রোজিনা জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের একপর্যায়ে আবুল কালাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে কৌশলে চট্রগ্রামে নিয়ে যান। সেখানে ছোট পোল এলাকায় একটি ভাড়া বাসায় তাকে নিয়ে উঠেন। ওই বাসায় চারদিন থাকার পর হঠাৎ তাকে বাসায় একা রেখে প্রেমিক আবুল কালাম না বলে গ্রামের বাড়িতে চলে আসেন। তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেয় রুজিনা।
বাড়িতে অবস্থানের পর প্রেমিক কালাম তাকে চার লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করতে সম্মত হয়।
পরে সামাজিক সমাধানের মাধ্যমে গতকাল বিকালে তাদের বিয়ে সম্পন্ন হয়।
রুজিনা বেগম সন্তুষ্টি প্রকাশ করে বলেন, গতকাল বিকালে স্থানীয় পার্শ্ববর্তী মেম্বারের মধ্যস্থতায় দুই পক্ষের আত্মীয় -স্বজনের উপস্থিতিতে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এসময় তার পাশে থাকার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।



