মব ভায়োলেন্স কোনভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৭ পিএম
ছবি : 'রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক' এক গুরুত্বপূর্ণ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে। জনগণই রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে। কারওই হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই।
সোমবার দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত 'রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক' এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দুপুর ১২টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে শুরু হওয়া এই সভা শেষ হয় পৌনে ২টায়।
সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার—এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু ঘিরে আয়োজিত হয় উচ্চপর্যায়ের এই সমন্বয় সভা।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক সমাজে নানা উপায়ে ছড়িয়ে পড়েছে। একে রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে জনসচেতনতা তৈরিতে। সমাজ থেকে মাদক নির্মূলে সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে।
তিনি জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার নিরবিচারে কাজ করে যাচ্ছে।
সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ছাড়াও সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
সভা শেষে বিকেলে তিনি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত বিওপি পরিদর্শনে যাবেন।



