ঢাকায় হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে কমলনগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম
ছবি - কমলনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ
রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ (৩৯) ওরফে লাল চাঁদকে প্রকাশ্যে কুপিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় এবং সারাদেশে ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কমলনগর উপজেলার সদর হাজিরহাট বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা “পাথর মেরে মানুষ হত্যা, এ কেমন বর্বরতা” “মানুষ হত্যার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “চাঁদাবাজির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “খুনিদের আস্তানা-জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও” স্লোগানে প্রকম্পিত করে তোলে বাজার এলাকা।
বিক্ষোভটি শত শত নেতাকর্মীর অংশগ্রহণে হাজিরহাট মধ্যবাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মুফতি শরিফুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম মেরাজ, ডাক্তার রিয়াজ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জোনায়েদ, ছাত্রনেতা মোহাম্মদ আলী আক্কাস প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর চিহ্নিত একটি দল সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে।
বক্তারা আরো বলেন, পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা ও আমাদের সমাজব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।



