টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি জামালপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। বাকিদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



