Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ধর্ষণকাণ্ড : চার আসামির রিমান্ড শুনানি আজ

Icon

কুমিল্লা প্রতিনিধি :

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:৪২ এএম

কুমিল্লায় ধর্ষণকাণ্ড : চার আসামির রিমান্ড শুনানি আজ

ছবি - মুরাদনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আটক চারজন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার মোহাম্মদ আলী সুমনসহ চার আসামির রিমান্ড শুনানি হবে আজ বৃহস্পতিবার (৩ জুলাই)।

সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয়রা।

পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন- উপজেলার বাহেরচর গ্রামের রমজান আলী, মো. অনিক ও মো. আরিফ।

এছাড়া ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া ফজর আলী বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত সোমবার ওই চার আসামির সাত দিনের রিমান্ড চেয়ে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন।

তিনি বলেন, ‘রোববার বিকেলে মুরাদনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই চারজনের নামে মামলা করা হয়। সোমবার বিকেলে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আজ বৃহস্পতিবার।’

পুলিশ জানায়, ২৬ জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হন। পরে ফজর আলীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজন ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় শুক্রবার (২৭ জুন) মূল অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। এরপর অভিযানে নেমে ফজর আলীসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে রোববার (২৯ জুন) বিকেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী সুমন ও তার তিন সহযোগীসহ মোট চারজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মুরাদনগর থানায় পৃথক একটি মামলা করেন। সন্ধ্যায় তাদের কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোমিনুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন