ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ স্থাপনের দাবি
ঝিনাইদহ প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
ছবি-যুগের চিন্তা
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে ঝিনাইদহ জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ এন.এম.শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, জেলা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা শহরে রেললাইন বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ ওরফে রেল আব্দুল্লাহ, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুনসহ অন্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসি শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে পরবর্তিতে আরো বড় ধরণের কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন তারা।



