বরিশাল বিএম কলেজ : আবাস সংকট দূরসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
বরিশাল প্রতিনিধি :
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০১:২২ পিএম
ছবি - বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা
আজ বুধবার সকাল ১০টায় কলেজের জিরো পয়েন্টে জড়ো হন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে বেলা ১১টায় বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যাবস্থা নেই। যা রয়েছে তার অবস্থাও বেহাল।
বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ড্রেন সংস্কারের দাবি জানান।
এছাড়া শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্ট-এর সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগেরও দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে তত দিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।



