Logo
Logo
×

রাজধানী

মিরপুরে পরিস্থিতি শান্ত, সতর্ক অবস্থানে পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

মিরপুরে পরিস্থিতি শান্ত, সতর্ক অবস্থানে পুলিশ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিশেষ করে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি দেখা যায়। মিরপুর-১০ নম্বর গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে। তবে এসব এলাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও পোশাকশ্রমিকদের নতুন করে বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে নিয়ে আসেন তারা। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরোধ তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনার পর মিরপুর-১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়। অন্যদিকে মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় সতর্ক অবস্থানে থাকলেও সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন দেখা যায়নি। সরেজমিনে ঘুরে এসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের আন্দোলন ঘিরে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন