ডেঙ্গু প্রতিরোধে ডিএসসির ২৯ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ অভিযান
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর ২৯টি অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে। এ কর্মসূচির আওতায় মশার প্রজননস্থল ধ্বংস, বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৭৫টি ওয়ার্ডে পরিচালিত ‘বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ ২০২৬’-এর ফলাফলের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়। জরিপে ২ হাজার ২৫০টি বাড়ি পরিদর্শন করা হয় এবং ৩২২টি বাড়িতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়।
জরিপের তথ্য বিশ্লেষণ করে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টিকে মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টিকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসক মো. আবদুস সালাম জানান, অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ড্রেন, খাল, নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হবে।
তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের কার্যক্রম দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নাগরিকদেরও নিজ নিজ বাসা, ছাদ, বারান্দা ও আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, প্লাস্টিকের বালতি, ড্রাম, বেইজমেন্টে জমে থাকা পানি, প্লাস্টিকের মগ এবং ফুলের টবে সবচেয়ে বেশি এডিস লার্ভা পাওয়া গেছে। ফলে এসব স্থানে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
চিরুনি অভিযানের অংশ হিসেবে মাইকিং, লিফলেট বিতরণ, মসজিদের মাধ্যমে প্রচারণা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে যৌথ অভিযানও চলবে।
ডিএসসিসি জানিয়েছে, অভিযানের পরও কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসি প্রশাসকের আশা, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমিয়ে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।



