Logo
Logo
×

রাজধানী

পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আজ রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশনগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

এর আগে, মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ ছাড়াও কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

ঘটনাস্থলে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'এখানে সড়ক আটকে রেখে জনদুর্ভোগ তৈরি করার কোনো কারণ দেখি না। আমাদের কাছে মনে হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোন গোষ্ঠী যুক্ত হয়ে অরাজকতা বা আইনশৃঙ্খলার অবনতি করার ষড়যন্ত্র থাকতে পারে।'

তিনি আরও বলেন, 'আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছাড়তে বলি। একপর্যায়ে ধাওয়াও দিতে হয়। কিছু সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ব্যবহার করেছি। অন্য কোনো বলপ্রয়োগ করতে হয়নি।'

'কেউ আহত হয়নি এবং এখন গাড়িগুলা স্বাভাবিক হচ্ছে। আমরা বুঝিয়েছি যেহেতু শ্রমিকদের জন্য মজুরি বোর্ড হয়ে গেছে, এই মেসেজটা তাদের দিয়েছি। অনুরোধ করেছি সড়ক ছেড়ে দেওয়ার জন্য। কিছু লোক বোঝেনি, আমাদের কাছে মনে হয়েছে তাদের সঙ্গে রাষ্ট্রবিরোধী কোন গোষ্ঠী থাকতে পারে,' যোগ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন