Logo
Logo
×

রাজধানী

গুলিস্তানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

গুলিস্তানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন এলাকা থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং ছয় প্লাটুন পুলিশের সদস্য অংশ নেন। পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় উচ্ছেদ করা দোকানের মালামাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা ডিএসসিসির নিয়মিত কর্মসূচির অংশ। হকারদের জন্য নির্ধারিত কিছু ফুটপাত, নৈশবাজার ও হলিডে মার্কেট বরাদ্দ রয়েছে এবং তারা শুধুমাত্র সেসব স্থানেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।

তিনি বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো সড়ক করিডোর দখলমুক্ত রাখা হবে এবং মূল সড়কে কোনোভাবেই হকারদের বসতে দেওয়া হবে না।

হকারদের একাধিকবার সতর্ক করার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, বিভিন্ন মাধ্যমে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি হকার নেতাদের সঙ্গেও একাধিক বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও অনেকেই পুনরায় ফুটপাত দখল করে বসছেন। তাই এখন থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তার ভাষায়, নিয়ম ভঙ্গ করে কেউ ফুটপাত বা রাস্তা দখল করলে মালামাল জব্দ করার পাশাপাশি প্রয়োজন হলে গ্রেফতারও করা হবে।

ডিএসসিসি জানিয়েছে, পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ ও দখলমুক্তকরণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন