ঢাকা পরিচ্ছন্ন রাখতে সবাইকে প্রধানমন্ত্রীর আহ্বান
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর শহর গড়ে তোলা সবার দায়িত্ব।
সোমবার (১৯ অক্টোবর) ডিএসসির প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কেউই চান না তার সন্তান অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বেড়ে উঠুক। কিন্তু সন্তান শুধু নিজের এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং স্কুল, কলেজ, খেলার মাঠসহ নগরীর বিভিন্ন স্থানে চলাচল করে। তাই একটি সুস্থ নগর পরিবেশ নিশ্চিত করতে পুরো শহরকেই পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, ঢাকার অন্যতম প্রধান সমস্যা হলো আবর্জনা ও অপরিচ্ছন্নতা। এ সমস্যা স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজের সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন তিনি।
কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, যেখানেই কোনো সমস্যা চোখে পড়বে, সেখানেই তা সমাধানের উদ্যোগ নিতে হবে। আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে নগর ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
বিদেশের পরিচ্ছন্ন নগরগুলোর উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নত অনেক শহরও একসময় নানা সমস্যায় জর্জরিত ছিল। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাগরিক সচেতনতা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে তারা পরিচ্ছন্ন ও উন্নত নগরীতে পরিণত হয়েছে। ঢাকাকেও একইভাবে উন্নত করা সম্ভব।
তিনি জানান, সম্প্রতি বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে আলাপকালে ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির কিছু উন্নতির কথা উঠে এসেছে। এটি প্রমাণ করে যে প্রচেষ্টা অব্যাহত থাকলে আরও বড় পরিবর্তন সম্ভব।
সভায় প্রধানমন্ত্রী নগরীর সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আত্মসমালোচনার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব আরও কার্যকরভাবে পালনের আহ্বান জানান।
এর আগে তিনি নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আবহাওয়া, ভূমিকম্প, বায়ুর মান, বন্যার পূর্বাভাসসহ বিভিন্ন জরুরি তথ্য পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও দেখেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



