বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার পর শত শত শ্রমিক উত্তরা আজমপুর ও জসিমউদ্দিন এলাকায় সড়কে অবস্থান নিলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণখান ও উত্তরখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবারও তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের অনেকের মাথায় লাল ব্যাজ এবং হাতে লাঠিসোঁটা দেখা গেছে।
বেলা ১১টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ঈশা খাঁ অ্যাভিনিউ হয়ে একদল শ্রমিক জসিমউদ্দিন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং মহাসড়কে অবস্থান নেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাব্যয়ের চাপের কারণে বর্তমান বেতনে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধির দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন।
অবরোধের ফলে মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এর প্রভাব ছড়িয়ে পড়ে উত্তরার বিভিন্ন সংযোগ সড়কেও। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর অনেক যাত্রীকে গন্তব্যের উদ্দেশে হেঁটে যেতে দেখা যায়।
যাত্রী হাসান হাবিবুল্লাহ জানান, জরুরি কাজে বের হয়ে তিনি যানজটে আটকা পড়েন। দীর্ঘ অপেক্ষার পর বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।
সর্বশেষ পরিস্থিতিতে বেলা ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে শ্রমিকরা মহাসড়কের একাংশ ছেড়ে দেন। এর ফলে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।



