রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়ে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৭৩টি মামলা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ২৯ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি এবং একটি স্টিলের কাটার।
এ ছাড়া অভিযানে ২ হাজার ৪৮৪টি ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে অস্ত্র, সরঞ্জাম ও মাদকদ্রব্য। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



