Logo
Logo
×

রাজধানী

দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০ স্বর্ণের বার উদ্ধার

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম

দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০ স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের চেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি জোরদার করেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK-0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাদের পরিহিত জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

কাস্টমস কর্মকর্তাদের মতে, জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার এই পদ্ধতি চোরাচালানের একটি নতুন ও কৌশলী উপায়। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও নেটওয়ার্কের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চোরাচালানচক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণ দেশে আনার চেষ্টা করেছে। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, এর প্রকৃত মালিক এবং ঢাকায় কার কাছে এসব পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা সূত্র।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন