পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রলবোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যে এগুলো নিষ্ক্রিয় করা হবে।
জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ২০টি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা ককটেল ও পেট্রলবোমা নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ।
সম্প্রতি রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বেশকিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও বেশকিছু বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পৃথক এসব ঘটনায় ঢাকার প্রবেশপথসহ রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।



