জাসদ কার্যালয় থেকে আটক সন্দেহভাজন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ে মিছিল ও স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। অভিযোগ রয়েছে, সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল।
তিনি বলেন, পল্টন থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে থানায় নিয়ে এসেছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, অভিযানের কার্যক্রম তখনও চলমান ছিল এবং বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।



