নোয়াখালী ক্লাবকে যুবলীগের প্রভাবমুক্ত ও পুনর্গঠনের দাবিতে মানববন্ধন
আরাফাত হোসেন, ঢাকা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
নোয়াখালী ক্লাবকে যুবলীগের প্রভাবমুক্ত ও পুনর্গঠনের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ নোয়াখালী ক্লাব লিমিটেডকে বিতর্কিত রাজনৈতিক প্রভাবমুক্ত করা ও বিগত ফ্যাসিবাদী শাসনের সহযোগীদের অপসারণ করে ক্লাবটি পুনর্গঠনের দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় মতিঝিল থানার পেছনের গলিতে ‘বৈষম্যবিরোধী বৃহত্তর সাধারণ নোয়াখালীবাসী’র ব্যানারে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের সব স্তরে সংস্কার ও স্বৈরাচারের দোসরদের অপসারণের প্রক্রিয়া চললেও নোয়াখালী ক্লাব লিমিটেড এখনও ব্যতিক্রম রয়ে গেছে। বিগত ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী এবং নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ধারীরা রহস্যজনক কারণে এখনও ক্লাবটির শীর্ষ পদে বহাল রয়েছেন। শুধু তাই নয়, তারা নতুন কমিটিতেও নিজেদের প্রভাব বিস্তারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।
বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাই-সহ একাধিক চিহ্নিত ও বিতর্কিত ব্যক্তি ৫ই আগস্ট পরবর্তী সময়েও কীভাবে বহাল তবিয়তে ক্লাব পরিচালনা করছেন এবং পরবর্তী মেয়াদের নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন—তা নিয়ে সাধারণ সদস্যদের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। কার বা কাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই ধরনের অপপ্রয়্যাস চালানো হচ্ছে, তা নিয়ে সাধারণ নোয়াখালীবাসীর মনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে ক্লাবের ভাবমূর্তি রক্ষা, সাধারণ সদস্যদের অধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদমুক্ত একটি নিরপেক্ষ পরিচালনা পরিষদ গঠনের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় নোয়াখালী ক্লাবের ঐতিহ্য রক্ষার্থে সাধারণ নোয়াখালীবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সৈয়দ মাহমুদ, শামসুল আলম রানা, গাজী জুয়েল, রিয়াদ ইকবাল, আবু সাঈদ, জুলহাস উদ্দিন, সাজ্জাদ হোসেন ও কামরুল হাসান। মানববন্ধনে বৃহত্তর নোয়াখালীর সাধারণ সদস্য, সমাজকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



