Logo
Logo
×

রাজধানী

লালবাগে রিকশার অবৈধ বিদ্যুৎ সংযোগের গ্যারেজে অভিযান

Icon

আরাফাত হোসেন, ঢাকা

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম

লালবাগে রিকশার অবৈধ বিদ্যুৎ সংযোগের গ্যারেজে অভিযান

অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগ

রাজধানীর লালবাগের শহীদনগর বেড়িবাঁধসংলগ্ন একটি ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ। অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বৈদ্যুতিক মিটার, তারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে লালবাগ থানাধীন রাজধারায়ন রোড (আর অ্যান্ড ডি) এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।

ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এহসানুল কামরান তানভীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। লালবাগ ট্রাফিক বিভাগের এই উদ্যোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), স্থানীয় থানা পুলিশ এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্সের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শহীদনগর বেড়িবাঁধসংলগ্ন ওই গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে আকস্মিক হানা দেয় পুলিশ। অভিযানকালে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগটি শনাক্ত করে তা তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।

অভিযান শেষে গ্যারেজ থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত প্রায় ২০ মিটার বৈদ্যুতিক তার, একাধিক চার্জিং অ্যাডাপ্টার এবং একটি বৈদ্যুতিক মিটারসহ সংশ্লিষ্ট সব বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে রিকশা চার্জ দেওয়ার এমন অপতৎপরতার বিরুদ্ধে ট্রাফিক লালবাগ বিভাগের এই ধরনের জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন