সড়কে শৃঙ্খলায় সাংবাদিকদের পাশে চান লালবাগের ট্রাফিক ডিসি
আরাফাত হোসেন
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ট্রাফিক লালবাগ জোনের ডিসি মফিজুল ইসলাম
রাজধানীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজুল ইসলাম।
শনিবার বেলা ১২ টায় ট্রাফিক লালবাগ বিভাগের কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় ডিসি মফিজুল ইসলাম বলেন, "সড়কের শৃঙ্খলা বজায় রাখা একক কোনো বাহিনীর পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক পরামর্শ ট্রাফিক বিভাগের কাজের গতি বাড়াতে এবং ত্রুটি-বিচ্যুতি শুধরে নিতে বড় ভূমিকা পালন করবে।
সভায় লালবাগ জোনের ট্রাফিক জট নিরসন, অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা লালবাগ এলাকার সুনির্দিষ্ট কিছু ট্রাফিক সমস্যার কথা ডিসির সামনে তুলে ধরেন এবং তা সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।
ডিসি মফিজুল ইসলাম সাংবাদিকদের প্রতিটি পরামর্শ গুরুত্ব সহকারে শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আইন অমান্যকারী ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক লালবাগ বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উক্ত মতবিনিময় সভায় ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এহসানুল কামরান তানভীর, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহতাব উদ্দিন, কোতোয়ালী জোনের (এসি) মঞ্জু ইসলামসহ ট্রাফিক জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



