আজ রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৭ আগস্ট)। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সমাবেশ, মিছিল ও শোভাযাত্রাসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ আগস্ট রাত ১২টা থেকে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং সব ধরনের সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— মহাখালী ক্রসিং থেকে বাংলামোটর পর্যন্ত ময়মনসিংহ রোড, বাংলামোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা, পান্থপথ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ পর্যন্ত মিরপুর রোড, রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যন্ত এলাকা এবং মানিক মিয়া অ্যাভিনিউসহ জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা।
ডিএমপি জানিয়েছে, অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। ফলে এসব এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। সংসদ অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।



