এক মাসের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফিরবেন মির্জা আব্বাস
আরাফাত হোসেন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম
বক্তব্য রাখছেন ঢাকা মহানগর র্পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধূরী আদিত্য
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস আগামী এক মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে রাজনৈতিক ময়দানে ফিরবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধূরী আদিত্য।
শনিবার শাহজাহানপুরে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন ও মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ছাত্রদল নেতা আদিত্য বলেন, "আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস ভাই দ্রুত সুস্থ হয়ে উঠছেন। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি এখন অনেকটাই শঙ্কামুক্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর থেরাপি ও নিয়মিত পুনর্বাসন প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যে তিনি সুস্থ দেহে দেশের মাটিতে এবং আমাদের মাঝে— রাজনীতির মাঠে ফিরে আসবেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার (ব্রেন সার্জারি) করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুর এবং বর্তমানে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। তিনি বর্তমানে চিকিৎসকদের পরামর্শে নিয়মিত শারীরিক কসরত ও হাঁটাহাঁটি করছেন। ছাত্রদল নেতা আদিত্য তাঁর এই দ্রুত সুস্থতার ধারা অব্যাহত রাখতে এবং প্রিয় নেতার দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশবাসী ও সর্বস্তরের দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।



