Logo
Logo
×

রাজধানী

৬ আগস্ট পর্যন্ত স্থগিত মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম

৬ আগস্ট পর্যন্ত স্থগিত মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

যাত্রীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে চলমান অবস্থান কর্মসূচি আগামী ৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের দীর্ঘদিনের দাবি ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ (সার্ভিস রুলস) বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর এক যুগ পার হলেও প্রায় ৯০০ কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন করা হয়নি। শৃঙ্খলা বিধান ও চাকরির নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঠিক নীতিমালা না থাকায় প্রশাসনে অনিশ্চয়তা, বৈষম্য ও অস্বচ্ছতা বিরাজ করছে, যা অপারেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

কর্মচারীরা জানান, তাদের দাবির মুখে প্রতিষ্ঠানের ৭৩তম বোর্ড সভায় সার্ভিস রুলস অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সময়ক্ষেপণের জন্য প্রস্তাবটি অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সাত মাস পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

গত ২৮ জুলাই থেকে উত্তরা দিয়াবাড়ির মেট্রোরেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন কর্মচারীরা। তবে ৩০ জুলাই নির্ধারিত বোর্ড সভা স্থগিত হওয়ায় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তারা কর্মসূচি স্থগিত করেন।

কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৬ আগস্টের মধ্যে সার্ভিস রুলস কার্যকর না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হলে তার দায়ভার ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন