রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিলের পর বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে হাসপাতাল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিল করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের পর দেওয়া জবাবে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় ১৯৮২ সালের সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
আদেশে বলা হয়েছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে।
এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রোববার সরকারের কাছে আপিল করার কথা জানিয়েছেন আদ-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে গত ২৭ মে সকালে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স ছিল এক থেকে চার দিনের মধ্যে।
ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা এবং ওয়ার্ডে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়কে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।



