প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন ও ন্যায্য বিলের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
রাজধানীতে আবাসিক গ্যাস গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি, মিটারবিহীন গ্যাস ব্যবস্থায় অতিরিক্ত বিল আদায় এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সচেতন জনগণ। মানববন্ধন থেকে আবাসিক খাতে দ্রুত প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন, ব্যবহার অনুযায়ী ন্যায্য বিল নির্ধারণ এবং স্বচ্ছ গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আবাসিক গ্যাস গ্রাহকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তাদের দাবির পক্ষে স্লোগান দেন।
মানববন্ধনের মূল প্রতিপাদ্য ছিল, ‘আমরা গ্যাসের মিটার চাই, ন্যায্য বিল চাই, হয়রানিমুক্ত গ্যাস চাই।’
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর আবাসিক গ্যাস গ্রাহকরা দীর্ঘদিন ধরে একটি অস্বচ্ছ বিল ব্যবস্থার মধ্যে রয়েছেন। মিটার না থাকায় অনেক গ্রাহক নিজের প্রকৃত গ্যাস ব্যবহারের পরিমাণ জানতে পারছেন না। ফলে গ্যাস ব্যবহার কম হলেও নির্ধারিত হারে বিল পরিশোধ করতে হচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
তারা বলেন, বর্তমান ব্যবস্থায় অনেক সময় গ্যাসের চাপ কম থাকা বা সরবরাহে বিঘ্ন ঘটলেও গ্রাহকদের প্রতি মাসে নির্ধারিত বিল দিতে হচ্ছে। গ্যাস না পেলেও প্রায় ১ হাজার ৮০ টাকা বিল পরিশোধের বিষয়টি গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
বক্তারা আরও বলেন, প্রি-পেইড মিটার চালু হলে গ্রাহকরা যতটুকু গ্যাস ব্যবহার করবেন, ঠিক ততটুকুরই বিল পরিশোধ করবেন। এতে একদিকে গ্রাহকদের ভোগান্তি কমবে, অন্যদিকে গ্যাসের অপচয় রোধ হবে এবং সরকারি রাজস্ব আদায় ব্যবস্থাও আরও কার্যকর হবে।
মানববন্ধন থেকে আয়োজকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আবাসিক খাতে দ্রুত প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন, ব্যবহারভিত্তিক ন্যায্য বিল নিশ্চিত করা, গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ করা, অবৈধ গ্যাস সংযোগ ও অপচয় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং গ্রাহকদের জন্য হয়রানিমুক্ত ও জবাবদিহিমূলক গ্যাস সেবা নিশ্চিত করা।
আয়োজকরা বলেন, গ্যাস একটি জাতীয় সম্পদ। এর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তিনির্ভর বিলিং ব্যবস্থা চালু করা জরুরি। প্রি-পেইড মিটার ব্যবস্থার মাধ্যমে গ্রাহক ও সরবরাহকারী উভয় পক্ষের মধ্যে স্বচ্ছতা তৈরি হবে।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে তারা গ্যাস বিল নিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে গ্যাসের সরবরাহ কাঙ্ক্ষিত না হলেও বিল পরিশোধ করতে হচ্ছে। তাই দ্রুত এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবাসিক গ্রাহকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।



