ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন)কে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে তার ছয় সহযোগীকেও আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলার প্রধান আসামি মঈনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মঈন উদ্দিন, মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)। বাকি দুইজনের নাম এখনও জানা যায়নি।
এর আগে ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় মঈনকে প্রধান আসামি এবং অজ্ঞাত ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল।
১০ এপ্রিল সকালে মঈন ও তার সহযোগীরা বাদীর বাসায় গিয়ে টাকা দাবি করে এবং অস্বীকৃতি জানালে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। পরে তারা প্রায় ৫০-৬০ জনকে জড়ো করে সিকেডি হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এসময় হাসপাতালের মালিককে উদ্দেশ্য করে হুমকিমূলক স্লোগান দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র্যাব-২ ও র্যাব-৪ যৌথভাবে অভিযান চালিয়ে মঈনসহ সহযোগীদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।



