রাজধানীতে ভোরের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অফিসমুখী মানুষের দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম
সপ্তাহের প্রথম কার্যদিবসে ভোর থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় পানি না জমলেও বৃষ্টির কারণে যানবাহনের গতি ধীর হয়ে পড়ায় অফিসগামী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ, বিজয় সরণি ও ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। হালকা বৃষ্টিতে গাড়ির গতি প্রায় থেমে যাওয়ায় যাত্রীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির মধ্যে কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়, আবার কেউ ভিজে দৌড়াচ্ছেন গাড়ি ধরতে। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে। বিশেষ করে বনানী মোড় থেকে মহাখালী পর্যন্ত সড়কে প্রাইভেটকার ও বাসের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।
অফিসগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, প্রতিদিন এক ঘণ্টায় অফিসে পৌঁছাই। আজ এক ঘণ্টারও বেশি সময় ধরে বাসে বসে আছি, এখনও বনানী পার হতে পারিনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিন রাজধানীতে কম-বেশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিনের প্রথমার্ধজুড়ে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।



