বিমান বিধ্বস্ত হওয়া মাইলস্টোন স্কুল ভবনটিতে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা, যার ফলে ভবনটিতে আগুন ধরে যায় এবং হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে।
মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা জানান, বিধ্বস্ত ভবনটি ‘হায়দার হল’, যেখানে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হয়। নিয়মিত ক্লাস শেষে ছুটি ঘোষণার পর সেখানে কোচিং ক্লাস চলছিল। দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শিক্ষার্থীদের খোঁজ নিতে আসা ওই কর্মকর্তা আরও বলেন, “আমাদের কতজন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন— তা জানতে এসেছি। অনেকেই হতাহত হয়েছেন বলে জানতে পেরেছি।”
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিৎসা দিতে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।



